রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে লাগা আগুনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা শাহনাজ পারভীন নিহত হয়েছেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির ইংরেজি বিষয়ের প্রভাষক ছিলেন।

আজ শুক্রবার (১ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাতুল ইসলাম নামের এক তরুণ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে শাহনাজ পারভীনের মরদেহ শনাক্ত করেন ওই যুবক।

তিনি সাংবাদিকদের জানান, তার ছোট বোন ভিকারুননিসা নূন স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থী। তার বোন এই শিক্ষিকাকে চিনতে পেরেছে বলে তাকে জানিয়েছেন।

ঢামেক হাসপাতালের মর্গে রাখা শিক্ষিকার মরদেহ নিতে স্বজনদের খবর দেয়া হয়েছে বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে গ্রিন কোজি নামের ভবনের আগুন লাগে। ওই ভবনেই ছিল কাচ্চি ভাই রেস্টুরেন্ট। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর জানা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ২২ জন। মরদেহের কাগজপত্র যাচাই-বাছাই করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা ।