শিক্ষার প্রকৃত সার্থকতা তখনই প্রকাশ পায়, যখন মানুষের কাজের মাধ্যমে অন্যদের জীবন আরো সুন্দর ও সমৃদ্ধ হয় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষাজীবনে অর্জিত মেধা ও উদ্ভাবনী শক্তি দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৮তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘শিক্ষাজীবন শেষে অর্জিত মেধা ও উদ্ভাবনী শক্তিকে দেশ ও সমাজের কল্যাণে উৎসর্গ করতে হবে।’

বাংলাদেশের বাস্তবতা ও চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রযুক্তি ব্যবহারে সক্ষম মানবসম্পদ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ড. মো. কায়কোবাদ।

আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন বিন ইবনে রিয়াজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

সমাবর্তনে ৬৫৯ শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেয়া হয়। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সাত শিক্ষার্থীকে গোল্ড মেডেল প্রদান করা হয়। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আহমেদ রানী ‘ওআইসি গোল্ড মেডেল’ পান। অন্য ছয় শিক্ষার্থী অর্জন করেন ‘আইইউটি গোল্ড মেডেল’। শিক্ষামন্ত্রী তাদের হাতে মেডেল ও সনদ তুলে দেন।