গত নির্বাচনগুলোয় আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশের জনগণকে বোকা বানিয়েছে। আগামীতেও তাদের অধীনে নির্বাচন হলে দেশে পরিবর্তন আসবে না, শান্তি আসবে না।’
গতকাল বিকালে সিলেট শহরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, ভোটাধিকার পুনরুদ্ধার ও শিক্ষা উপকরণের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘১২ জুলাই ঢাকার সমাবেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নতুন কর্মসূচির ঘোষণা আসবে, যার মধ্য দিয়ে দেশের সব মানুষকে জাগ্রত করে এ সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দেশের এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এজন্য তরুণ সমাজকে সবার আগে এগিয়ে আসতে হবে। নিজেদের অধিকার আদায়ে রাজপথে নামতে হবে। আসুন সবাই উঠে দাঁড়াই।’
এর আগে বিকাল সোয়া ৪টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। সমাবেশে নতুন ভোটার ও তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
পূর্বনির্ধারিত সমাবেশ উপলক্ষে গতকাল সকাল থেকেই সিলেট শহরে জড়ো হতে শুরু করেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড–মিছিল নিয়ে আসা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা সিলেট শহরের বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে দুপুরের মধ্যেই আলিয়া মাদ্রাসার মাঠে জড়ো হন।










