বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকার নবগঠিত কমিটি (২০২৪-২৬) অভিষেকের
মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় সংগঠনের
নতুন কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠান রাজধানী ঢাকার কারওয়ান বাজারে
বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) ভবনের রেইনি রূফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত
হয়। নতুন কমিটির সভাপতি এহসান পারভেজ তুহিনের সভাপতিত্বে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম।
প্রথমে নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। বিদায়ী কমিটি দক্ষতা
ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করার জন্য সবাইকে সম্মাননা স্মারক প্রদান করা
হয়। এ সময় বগুড়া জার্নালিস্ট ফোরামের প্রতিষ্ঠাতা দৈনিক করতোয়া পত্রিকার বিশেষ প্রতিবেদক
ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সৈয়দ আহমেদ অটলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা
পালন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ
অ্যান্ড ওয়ান ফার্মা লিমিটেডের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান
বলেন, বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পাঠক ও দর্শকের কাছে
তুলে ধরবে। বগুড়ার ইতিহাস, ঐতিহ্যের কথা দেশের মানুষের কাছে তুলে ধরবে বগুড়া জার্নালিস্ট
ফোরাম সে প্রত্যাশা করেন তিনি। বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকার পাশে থাকার আশ্বাস দেন
মোস্তাফিজুর রহমান। বগুড়া জার্নালিস্ট ফোরামের উপদেষ্টা দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল
হক লালু এ সংগঠন সামনে আরো সুন্দর হবে সে কামনা করেন। এছাড়া অনুষ্ঠানে উপদেষ্টা আশিসুর
রহমান শুভ, মাহমুদ হাসান ও উত্তম চক্রবর্তী উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। বর্তমান
সভাপতি এহসান পারভেজ তুহিন ও সাধারণ সম্পাদক হাবিব রহমান বগুড়া জার্নালিস্ট ফোরামের
৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টামণ্ডলীর নাম ঘোষণা করেন। পরিশেষে তারা বগুড়া জার্নালিস্ট ফোরাম,
ঢাকাকে সামনে এগিয়ে নিতে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি










