বায়ুদূষণ রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম পাঁচটি ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘বায়ুদূষণ রোধে পাঁচটি ঘোষণায় ধুলাবাহিত বায়ুদূষণ রোধকল্পে নির্মাণস্থলে আচ্ছাদন ব্যবহার করা, বায়ুবাহিত সূক্ষ্ম কণা ছড়িয়ে দেয় এমন উপকরণ বহনকারী যানবাহনের জন্য উপযুক্ত আচ্ছাদন ব্যবহার নিশ্চিত করা, কালো ধোঁয়া নির্গমন হয় এমন অনুপযুক্ত যানবাহন নিষিদ্ধ করা, অপ্রয়োজনীয় পাতা এবং বর্জ্য পোড়ানো পরিহার করা, নালা ও খালের অবৈধ পয়োনিষ্কাশন লাইন বন্ধ করা।’
গতকাল রাজধানীর শেরাটন হোটেলে শক্তি ফাউন্ডেশন ও ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) যৌথ উদ্যোগে আয়োজিত ‘সেভ ইয়োর ব্রেথ: পলিসি ডায়ালগ অন ক্লিন এয়ার ইমপারেটিভস’ শীর্ষক নীতিনির্ধারণী সংলাপে এ ঘোষণা দেন তিনি।
শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের সঞ্চালনায় সংলাপে আরো অংশ নেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান সরকার, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক মো. লোকমান হোসেন মোল্লা প্রমুখ। বায়ুর গুণমান উন্নতকরণে তথ্যভিত্তিক সমাধান এবং তার যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপের লক্ষ্যে ইউএসএআইডি ও শক্তি ফাউন্ডেশন যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।










