ফরিদপুর জেলায় করোনায় আক্রান্ত ও এ ভাইরাসের উপসর্গ নিয়ে নতুন করে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জেলায় ২৩৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের হার ৫০.৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টার জরিপে এসব তথ্য জানা গেছে। 

নতুন এ ১৩ মৃত্যুর ঘটনা ঘটেছে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। মৃতদের মধ্যে ১০ আক্রান্ত ছিলেন, বাকি তিনজন ভাইরাসটির উপসর্গে নিয়ে মারা গেছেন। হাসপাতালের পরিচালক ডা. মো সাইফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪২ জন। সুস্থ হয়েছেন ৪৩ জন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি মোট রোগীর সংখ্যা ৩২৪ জন।  

গত বছর করোনার প্রকোপ ছড়িয়ে পড়ার পর ফরিদপুরে এ পর্যন্ত ১৮ হাজার ৭০৩ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। ফরিদপুর সিভিল সার্জন ডা. মো ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার পিসিআর ল্যাবে ৪৭০ জনের নমুনা পরীক্ষা করে ২৩৮ জনকে নতুন শনাক্ত করা হয়েছে। জেলায় আক্রান্তের হার ৫০ দশমিক ৬৪ শতাংশ। 

ফরিদপুর মেডিকেল কর্মকর্তা ডা. তানসীভ জুবায়ের নাদিম জানান, জেলায় হোম আইসোলেশসে চিকিৎসা নিচ্ছেন ৩ হাজার ৭৮০ জন। সরকারি হিসেবে সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৫৭ জন। জেলায় মোট মৃত্যু হয়েছে ৪১৮ জনের। নাদিম বলেন, সঠিকভাবে করোনার নিয়ম-কানুন ও নিরাপদ দূরত্ব মানলে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব। তার আগে নিজস্ব সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।