মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘বাংলাদেশের চলমান পরিস্থিতিতে আমরা নজর রাখছি। আমরা সবার প্রতি শান্ত মনোভাব বজায় রেখে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাই। বাংলাদেশে সাম্প্রতিক সব সহিংস ঘটনার আমরা নিন্দা জানাই এবং শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকারের প্রতি আমাদের অবিচল সমর্থনও বজায় রাখছে। দেখামাত্র গুলির আদেশ দেয়ার যে তথ্য আমরা পেয়েছি, সেটিরও নিন্দা জানাই এবং তা বাতিলের আহ্বান জানাই।’
বাংলাদেশ সময় অনুযায়ী সোমবার ওয়াশিংটনে আয়োজিত নিয়মিত ব্রিফিং চলাকালে উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে করা বাংলাদেশসংক্রান্ত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ম্যাথিউ মিলার। তিনি আরো বলেন, ‘গণতান্ত্রিক সমৃদ্ধির একটি অপরিহার্য উপাদান হলো সংবাদমাধ্যমের স্বাধীনতা। বাংলাদেশসহ বিশ্বের সবখানে সাংবাদিকরা যাতে মুক্তভাবে কাজ করতে পারে তা অত্যন্ত জরুরি।’










