ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত সিলেক্ট ইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে ২৫ সদস্যের বাংলাদেশী ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ঢাকার মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। স্থানীয় সময় ৩ মে শুরু হওয়া আয়োজনটি শেষ হবে ৬ মে ।

প্রতিনিধিদলে জ্বালানি, প্রযুক্তি, কৃষিব্যবসা, প্রকৌশল ও ব্যবসা সেবা খাতের উদ্যোক্তা ও প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন বলে জানিয়েছেন ঢাকার যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই।

এক সংবাদ বিজ্ঞপিএত তিনি জানান, সম্মেলনটি আয়োজন করছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লাটনিক। প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের ক্ষেত্রে এটি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আয়োজন হিসেবে বিবেচিত। সম্মেলনের মাধ্যমে বিদেশী কোম্পানি ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অর্থনৈতিক উন্নয়ন সংস্থার মধ্যে সংযোগ তৈরি করা হয়, যার লক্ষ্য ব্যবসায়িক বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি।

আয়োজনটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র তার ২৫০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করছে। বৈদেশিক বিনিয়োগ কীভাবে যুক্তরাষ্ট্রের উদ্ভাবন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী ধাপকে এগিয়ে নিতে অব্যাহতভাবে ভূমিকা রাখছে, তা সম্মেলনে তুলে ধরা হবে।