৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রেললাইন অবরোধ করেছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে আব্দুল জব্বার মোড়ে রেললাইন সংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন। এরপর বেলা ১১টায় রেল অবরোধের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা থেকে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস আটকে দেন। এর ফলে ঢাকা থেকে ময়মনসিংহগামী রেল চলাচল বন্ধ রয়েছে।
এ সময় শিক্ষার্থীরা ‘সবাই পায় ছয় মাস, আমরা কেন দুই মাস’, ‘এক দুই তিন চার, পিএসসি তুই স্বৈরাচার’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘সময় চাই, সময়—যৌক্তিক সময় চাই’ ইত্যাদি স্লোগান দেন।
শিক্ষার্থীরা জানান, সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের জন্য যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, সেই চাকরির ক্ষেত্রেই আবার নতুন বৈষম্যের উদ্ভব হয়েছে। পূর্বের যেসব বিসিএস লিখিত পরীক্ষায় ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সময় দেওয়া হতো, সেখানে এই বছর শুধুমাত্র নতুন ব্যাচের জন্য মাত্র ২ মাস সময় দেয়া হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি আমাদের কোনো অযৌক্তিক দাবি নয়। পিএসসিকে এটি মানতেই হবে। যে পর্যন্ত পিএসসি এই সময় পরিবর্তন না করছে, সেই পর্যন্ত অবরোধ চলবে।
শিক্ষার্থী মেহরাজ হাসান রাফি বলেন, শিক্ষার্থীদের লিখিত পরীক্ষার জন্য ন্যূনতম প্রস্তুতির সময় দিতে হবে, যাতে তারা ভালোভাবে পরীক্ষা দিতে পারে। পিএসসি যদি আমাদের সঙ্গে স্বৈরাচারী আচরণ চলমান রাখে, তাহলে আমাদের অবরোধও চলমান থাকবে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। শিক্ষার্থীদের আন্দোলনে রেলপথ অবরোধ থাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা চলমান রয়েছে। আশা করছি আলোচনা শেষে খুব দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।










