টাঙ্গাইলের ঘাটাইলে মুখোমুখি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে গারোবাজার-সাগরদিঘী সড়কের গারোবাজার সংলগ্ন মুরাইদ কমিউনিটি ক্লিনিকে কাছে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ অটোতে থাকা আরো ৫ জন।
ঘাটাইলের সাগরদীঘি ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ির উপজেলার রুদ্রবয়ড়া গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী শাহিনা বেগম (২২), একই উপজেলার চর ভিন্নপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী করুনা বেগম (৩০)।
সাগরদীঘি ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন বলেন, পরিবারের সদস্যরা একটি ভাড়া করা সিএনজি চালিত অটোরিকশাযোগে গাজীপুর থেকে সরিষাবাড়ির দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি গারোবাজার সংলগ্ন মুরাইদ কমিউনিটি ক্লিনিকে কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান করুনা বেগম। পরে শিশুসহ ৬ জনকে আহতবস্থায় মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় করুনা বেগমের ছোট ভাইয়ের স্ত্রী শাহিনা বেগম মারা যান।










