ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার দিবাগত গভীর রাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা তাকে নিয়ে এসেছি। বিস্তারিত পরে জানানো হবে।

শেখ মামুন খালেদ ২০০৭–০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময়ে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে ডিজিএফআইয়ের মহাপরিচালক নিযুক্ত হন। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন।

গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় আদালত নিষেধাজ্ঞা জারি করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ আদেশ দেয়া হয়। সে সময় দুদক জানায়, এ দম্পতির বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদ-সংক্রান্ত অভিযোগ নিয়ে অনুসন্ধান চলছে।

এদিকে গত সোমবার রাতে এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মানব পাচারের একটি মামলায় বর্তমানে তিনি পাঁচদিনের রিমান্ডে রয়েছেন।