পাঁচ দফা দাবিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা। বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে বহির্বিভাগে এ কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।
এর আগে গতকাল মঙ্গলবার সর্বস্তরের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা।
আন্দোলনরত শিক্ষার্থী নাদিম হোসাইন জানান, বুধবার সারা দেশে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করবেন। একই সঙ্গে সরকারি বেসরকারি সব হাসপাতালের ইনডোর, আউটডোর সেবা ও বৈকালিক চেম্বার বন্ধ থাকবে।
তিনি আরো জানান, বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের মহাসমাবেশ হবে। সেখান থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ হবে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, আমাদের হাসপাতালে সরকারি ডাক্তার দিয়ে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে হাসপাতালে আগত রোগীদের কিছু সমস্যা হচ্ছে।










