দেশের বাজারে স্বর্ণের দাম প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
আজ দুপুরে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস। কারণ হিসেবে সংগঠনটি বলছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম বাড়ার প্রভাবে সমন্বয় করা হয়েছে।
এর আগে সর্বশেষ গত সোমবার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৮৮২ এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৩২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে গত বছর মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল সংগঠনটি। ওই বছর ৬৪ বার দাম বাড়ানোর বিপরীতে ২৯ বার কমানো হয়েছিল।















