রাজধানীর যাত্রাবাড়ী, মহাখালী, আগারগাঁও ও মালিবাগে ককটেল ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরের পর থেকে রাত ৮টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। তবে কোনো ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক হাতবোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর বলেন, কে বা কারা কোন দিক থেকে হাতবোমা ছুড়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে একটি হাতবোমা নিচে ফেলা হলে তা বিস্ফোরিত হয়। বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেক বলেন, কেউ ওপর থেকে ককটেল নিচে ছুড়ে মেরেছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ করছে।
প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনেও একটি হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া যায়। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, একটি ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য তখনো পাওয়া যায়নি।
এর আগে দুপুরে জুমার নামাজের পর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে দুটি হাতবোমা বিস্ফোরিত হয়। এসব ঘটনায়ও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।










