টাঙ্গাইলের শহরের আশেকপুরে নির্মাধীন ভবনের পাইলিং এর কাজ করার সময় মাটি চাপা পড়ে দুইজন শ্রমিক নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পৌর এলাকার আশেকপুর ইন্দিরা পাড়া এলাকায় জোবায়দা উচ্চ বিদ্যালয়ের পূর্বপাশে নির্মাণাধীন একটি ভবনের কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের পালপাড়া এলাকার অনাথ পালের ছেলে অখিল পাল (৪০) ও ঝুটু পালের ছেলে আনন্দ পাল (৫৫)।
স্থানীয়রা জানান, সকালে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের জন্য কূপ খননের কাজ করছিলেন অখিলপাল ও আনন্দ পাল। ১২-১৩ ফুট খনন হয়ে গেলে কূপের চারপাশ থেকে মাটি পড়ে যায়। এ সময় মাটির নিচে চাপা পড়েন তারা দুজন। এ ঘটনায় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে ভেকু দিয়ে মাটি সরিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, আশেকপুর ইন্দারাপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করার সময় দুই শ্রমিকের ওপর চারপাশ থেকে মাটি চাপা পড়ে। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে তারা লাশ উদ্ধার করেন। পরে লাশ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।










