গ্র্যান্ড স্লামে ২১তম শিরোপার মিশন দারুণভাবে শুরু করলেন রাফায়েল নাদাল। গতকাল অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিন প্রথম রাউন্ডে তিনি ৬-১, ৬-৪, ৬-২ গেমে হারান যুক্তরাষ্ট্রের মার্কোস গিরোনকে। এদিন নারী এককে বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকা ৬-৩, ৬-৩ গেমে কলম্বিয়ার কামিলা ওসোরিওকে হারিয়ে শিরোপা রক্ষার মিশন শুরু করেছেন।
কভিড-১৯ টিকা না নেয়ায় বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। ফলে শীর্ষ বাছাই খেলোয়াড়টিকে অস্ট্রেলিয়া থেকে ফেরত পাঠানো হয়েছে। জোকোভিচ না থাকায় মেলবোর্নে এবার সাবেক চ্যাম্পিয়নদের মধ্যে শুধু নাদালই টিকে আছেন ছেলেদের ড্রতে। রজার ফেদেরার ও জোকোভিচ না থাকায় এবার শিরোপা জয়ের সম্ভাবনাও বাড়ল নাদালের। এ মিশনে তিনি প্রথম রাউন্ডের বৈতরণী পার হলেন অনেকটা সহজেই।
পায়ের পাতার ইনজুরির কারণে পাঁচ মাস পর গ্র্যান্ড স্লামে ফিরলেন নাদাল। ফিরেই পেলেন স্বস্তির জয়। দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিতের পর নাদাল বলেন, অনেক চ্যালেঞ্জিং, কঠিন মুহূর্ত কেটেছে আমার, অনেক সংশয়ও ছিল। ইনজুরি থেকে যখন ফিরবেন তখন কিন্তু সবকিছু ভিন্ন মনে হবে, তাই আপনাকে ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে। আমি ইতিবাচকই থাকছি। গত সপ্তাহে এখানে তিনটি ম্যাচ ও একটি শিরোপা জিতেছি।
ছেলেদের এককে ফ্রান্সের গায়েল মনফিলস, ইতালির ম্যাতেও বেরেত্তিনি, কানাডার ডেনিস শাপাভালোভ জয় তুলে নিয়েছেন।
মেয়েদের এককে ২০১৯ ও ২০২১ সালের চ্যাম্পিয়ন নাওমি ওসাকা প্রথম সেটেই ৫-০ গেমে এগিয়ে যান। যদিও ৫০ নম্বর র্যাংকধারী ওসোরিও পরে লড়াই করেন। দ্বিতীয় সেটেও একই ব্যবধানে জিতে নেন জাপানি খেলোয়াড়টি।
মানসিক স্বাস্থ্যজনিত কারণে চার মাসের বিরতি শেষে গ্র্যান্ড স্লামে ফিরেই দারুণ এক জয় পেলেন ওসাকা। ১৩তম বাছাই হিসেবে মেলবোর্নে খেলা এ তারকা বলেন, সব মিলে এখানে আসতে পেরে ও দর্শকদের দেখে আমার ভীষণ ভালো লাগছে। গরম আবহাওয়া আমার পছন্দ। আর এখানে আসার পর সবার উষ্ণ অভিনন্দন পেয়েছি, যা আমার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।
বুধবার দ্বিতীয় রাউন্ডে আমেরিকান ম্যাডিসন ব্রেঙ্গলের বিপক্ষে খেলবেন চারবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ওসাকা। ব্রেঙ্গল ৬-১, ০-৬, ৫-০ গেমে হারান ইউক্রেনের ডায়ানা ইয়াস্ত্রেমাঙ্কোকে।
এদিকে মেয়েদের এককে চীনের কিয়াং ওয়াংয়ের কাছে ৪-৬, ২-৬ গেমে হারেন আমেরিকান টিনএজ কোকো গাফ। জিতেছেন শীর্ষ বাছাই অ্যাশলে বার্টি, ভিক্টোরিয়া আজারেঙ্কা, কামিলা গিওর্গি, মারিয়া সাক্কারি, বেলিন্ডা বেনচিচ ও এলিনা সভিতোলিনা।










