যানজট এড়াতে প্রথমবারের মতো সিরাজগঞ্জ জেলায় রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হচ্ছে। জেলার উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে নির্মাণাধীন এ ওভারপাস নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০০ কোটি ৭৩ লাখ ৪৩ হাজার টাকা। ডিসেম্বরের মধ্যেই এর নির্মাণকাজ শেষ করার কথা রয়েছে। ২৭২ দশমিক ৬৭ মিটার দৈর্ঘ্যের এ ওভারপাস নির্মিত হলে যানজট কমবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয়রা।

আরিচা-বগুড়া মহাসড়ক দিয়ে উল্লাপাড়ার এ রাস্তা ব্যবহার করে সিরাজগঞ্জ-পাবনা ও আরিচা-বগুড়াসহ আন্তঃজেলার কয়েক হাজার যানবাহন চলাচল করে। ফলে ট্রেন চলাচলের সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। 

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার বলেন, উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে মহাসড়কের ওপর এ ওভারপাস নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০০ কোটি টাকার বেশি। এটি সড়ক বিভাগের একটি বৃহৎ প্রকল্প। ডিসেম্বরের মধ্যে এর নির্মাণকাজ শেষ করা হবে।

স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম বলেন, মহাসড়কের ওপর রেললাইন থাকার কারণে রেল চলাচলের সময় রাস্তা বন্ধ করে দেয়া হয়। এতে ভোগান্তির শিকার হতে হয় যানবাহন চালক ও যাত্রীকে। রেলওয়ে ওভারপাস জেলায় প্রথম নির্মিত হচ্ছে। যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন রাখতে, জনভোগান্তি কমাতে ও সময় বাঁচাতে এ রেলওয়ে ওভারপাস বিশাল ভূমিকা রাখবে। এ চিন্তা থেকে প্রকল্পটি  প্রধানমন্ত্রীর কাছে পাঠালে তিনি গুরুত্ব বিবেচনায় সঙ্গে সঙ্গে পাস করে দেন।