স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, ‘‌রাজনৈতিক মাঠ সব দলের জন্য উন্মুক্ত। রাজনৈতিক মাঠ সবার জন্য উন্মুক্ত বলেই সব দল সভা-সমাবেশ করতে পারছে। আওয়ামী লীগ বিশ্বাস করে না ষড়যন্ত্র করে পেশি শক্তি আর বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় যাওয়াতে। আওয়ামী লীগ সব সময়ই বিশ্বাস করে জনগণই তার মূল শক্তি। জনগণের ভোট-ব্যালটের মাধ্যমে আবারো আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। একই সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।’ 

গতকাল দুপুরে যশোর পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয়ের ভবন উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় চার তলাবিশিষ্ট আধুনিক পুলিশ সুপারের কার্যালয় ভবন নির্মাণ করা হয়েছে ৮ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে। 

মন্ত্রী আরো বলেন, ‘‌বর্তমান সরকার যেভাবে সন্ত্রাসী কার্যক্রমকে দমন বা নিয়ন্ত্রণ করছে তা আজ বিশ্বব্যাপী প্রশংসিত। আইন-শৃঙ্খলা বাহিনী ও কমিউনিটি পুলিশের সদস্যদের সমন্বয়ে আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ সফলভাবে দমন করেছি।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়¿ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ এমপি, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক। স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার। এ সময় উপস্থিত ছিলেন যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন, যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ, যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, জননিরাপত্তা সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ নূরুল আনোয়ার, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান প্রমুখ।