গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপের নির্দেশ দেন হাইকোর্ট। এ আদেশের প্রতিবাদে আজ রোববার (২৪ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ী, জাতীয় প্রেসক্লাব এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা।
এ ছাড়া ঢাকার বিভিন্ন এলাকা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে চালকরা জড়ো হচ্ছেন। সেখানে সড়ক অবরোধ করে সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন তারা।
আজ সকালে মোহাম্মদপুরের বিভিন্ন জায়গায় ব্যাটারিচালিত রিকশাচালকেরা সড়ক অবরোধ করেছেন। এর মধ্যে মোহাম্মদপুরের বেড়িবাঁধ চার রাস্তার মোড় ও চাঁদ উদ্যান এলাকা অন্তর্ভুক্ত।
যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকায় অটোরিকশা চালকেরা সড়ক অবরোধ করেছিলেন। তখন প্রায় এক ঘণ্টার জন্য সড়ক অবরোধ ছিল। এরপর সকাল পৌনে ১০টার দিকে অটোরিকশা চালকেরা সেখান থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ছাড়া ধানমন্ডির সাত মসজিদ রোড এলাকায় চালকেরা সকালে সড়ক অবরোধ করেন। সকাল সাড়ে ১০টার দিকে তারা প্রেসক্লাবের উদ্দেশে রওনা দেন।
গত শুক্রবার ঢাকার জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করেন চালকেরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে।










