আগামী জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত দেশের সব ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীর বিদেশ ভ্রমণ সীমিত করা হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) এ সংক্রান্ত পরিপত্রে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে অন্য কর্মকর্তা-কর্মচারী পর্যন্ত এ নিয়ম প্রযোজ্য হবে।

পরিপত্রে বলা হয়েছে, অপরিহার্য কারণ থাকলে বিদেশে যাওয়া যাবে। অপরিহার্য কারণ বলতে যেসব কারণ বোঝানো হয় তার মধ্যে রয়েছে চিকিৎসা, তীর্থযাত্রা, জরুরি দাপ্তরিক প্রয়োজন ইত্যাদি অন্তর্ভুক্ত। নির্দেশনাটি ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতার ভিত্তিতে জারি করা হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যনুযায়ী, দেশে জুন মাসের শেষে মোট ৬১টি তফসিলি ব্যাংক ছিল। এ ৬১টি ব্যাংকের এমডি, সিইও ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর জন্য নির্দেশনাটি প্রযোজ্য। এর আগে বিভিন্ন সময়ে ব্যাংক কর্মকর্তাদের বিদেশ যাত্রার বিষয়ে নিয়ম আরোপ বা শিথিল করা হয়েছে। এবার নির্বাচনের কারণে সীমাবদ্ধতা আরোপ করা হলো।