কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের
শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে পুলিশ। অন্যদিকে
এ ঘটনায় তিন সদস্যের তথ্য অনুসন্ধান কমিটি গঠন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)
জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে রংপুর মেট্রোপলিটন
পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি
তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে আগামী তিন সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা
দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ
(আরপিএমপি) কমিশনার মো. মনিরুজ্জামান।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে বেরোবি ক্যাম্পাসের সামনে পার্ক
মোড়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ হয়।
এতে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ার শেল ও কয়েক রাউন্ড গুলি
ছোড়ে। এ সময় সংঘর্ষের সম্মুখে থাকা আবু সাঈদ নামে এক শিক্ষার্থী নিহত হন। তিনি বেরোবির
ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী এবং কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক।
এদিকে শিক্ষার্থী নিহতের ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের
বাসভবনে ভাঙচুর, অগ্নিসংযোগসহ আবাসিক হলে হামলার ঘটনা ঘটে। এরপর অনির্দিষ্টকালের জন্য
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পুরো নগরীতে পুলিশি টহল বাড়ানো হয়েছে।
সঙ্গে মোতায়েন করা হয়েছে বিজিবি।










