সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৭৪ জনের মধ্যে এবং হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৬৯৯ শিশু। এ হিসাব গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া শিশুদের মধ্যে একজন ঢাকায় এবং তিনজন সিলেটে মারা গেছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ১৬ হাজার ৭১০ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৩১৮ শিশু।
এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৯৯ হাজার ২৪৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬৪৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৯৮ শিশু।










