শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ‘মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে এই বাংলাদেশ স্বাধীন করেছেন। সেই মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখিয়ে তাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ তাদের সন্তানদের জন্য রাষ্ট্র কর্তৃক কোটার যে বিষয়টি ছিল, সেটা যথাযথ প্রতিপালনের ক্ষেত্রে অনেক জায়গায় অমনোযোগিতা ও অমান্য করা হচ্ছে। সে বিষয়ে উচ্চ আদালত থেকে একটি নির্দেশনা এসেছিল। আমরা সবাইকে অনুরোধ জানাব উচ্চ আদালতের রায়ের প্রতি ও নির্দেশনার প্রতি সবাই যথাযথভাবে সম্মান দেখাবেন।’
গতকাল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম হলে জেলা প্রশাসনের ভূমিসেবা সপ্তাহ-২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘যেহেতু আদালতের রায় এখনো সুনির্দিষ্টভাবে আমার হাতে আসেনি বা পড়ে দেখতে পারেনি, তাই সে বিষয়ে সুনির্দিষ্ট মন্তব্য আমি করছি না। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে, মুক্তিযুদ্ধের এত সময় পরে এসেও তাদের সন্তানদের জন্য কোটার প্রশ্নে কিছু মানুষের এত উষ্মা, তা দুঃখজনক। যারা দেশ স্বাধীন করে দিয়েছেন তাদের সন্তানদের দিয়ে তারা যদি দ্বিতীয়বার প্রশ্নবিদ্ধ হয়, তাহলে এটা কোনোভাবে কাম্য নয়।’










