জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, বঙ্গবন্ধু
কন্যা শেখ হাসিনা টানা চারবার প্রধানমন্ত্রী হওয়ায় বাংলাদেশে এখন অনাহারী মানুষ নেই।
ঈদের পূর্বে এ বিনামূল্যে চাল বিতরণ কর্মসূচির লক্ষ্য হচ্ছে যাতে নিম্ন আয়ের মানুষকে
খাদ্য নিয়ে চিন্তা করতে না হয়, তাদের মুখের হাসি ম্লান না হয় এবং যাতে অন্য কারো
কাছে তাদের হাত পাততে না হয়। প্রধানমন্ত্রীর লক্ষ্য দেশের মানুষকে শান্তিতে রাখা এবং
এলাকার উন্নয়ন করা।
শুক্রবার (৫ এপ্রিল) পাবনার বেড়া পৌরসভার উদ্যোগে ২০২৩-২৪ অর্থবছরে
মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে গৃহীত অসহায় ও দুস্থ পরিবারের
মাঝে ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিএফ) ১০ কেজি হারে বিনামূল্যে চাল বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি জনগণের ভোটে নির্বাচিত,
দেশের সব নাগরিকের খাদ্য নিশ্চিত করার দায়িত্ব আমার।’ আমার নির্বাচনী এলাকার দুই উপজেলায়
প্রায় এক লাখ লোক বিভিন্ন ধরনের ভাতার আওতায় রয়েছেন। বর্তমান সরকার জনগণকে বয়স্ক ভাতা,
বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা ও উপবৃত্তিসহ নানা ধরনের সুযোগ সুবিধা প্রদান করছে।
মো. শামসুল হক টুকু বলেন, ভোটের সময় উন্নয়নকারীর পক্ষে থাকতে হবে,
কোনো অবৈধ অর্থের কাছে নিজের মূল্যবান ভোট বিক্রি করা যাবে না। সুখে-দুঃখে যে আপনার
পাশে থাকে আপনারও উচিত তার পাশে থাকা। যার সঙ্গে থাকলে আপনার মঙ্গল ও উন্নয়ন হবে তার
সঙ্গে থাকতে হবে। সব ষড়যন্ত্র রুখতে হবে এবং নিজেদের সিদ্ধান্ত নিজেদের নিতে হবে।
অনুষ্ঠানে বেড়া পৌর মেয়র এস এম আসিফ শামস রঞ্জনের সভাপতিত্বে স্থানীয়
নেতা, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।










