সৌদি আরবে চলতি মৌসুমে প্রথমবারের মতো একজন নারী বাংলাদেশী হজযাত্রী মারা গেছেন। বুধবার (৫ জুন) হজযাত্রী মমতাজ বেগম (৬৩) মক্কায় মারা যান। তার বাড়ি ফরিদপুরের নগরকান্দায়। এ নিয়ে এবার সৌদি আরবে বাংলাদেশের ১১ জন হজযাত্রী মারা গেছেন। এর আগে মৃত ১০ জনই পুরুষ ছিলেন। এদিকে, বুধবার রাত ৩টা পর্যন্ত সর্বমোট ৬৩ হাজার ১৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ১৬৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫৮ হাজার ৯৭৬ জন।
বৃহস্পতিবার (৬ জুন) হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১১ জন বাংলাদেশী হজযাত্রী সৌদি আরবে মারা গেছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ জন পুরুষ, একজন নারী। মক্কায় ৮ এবং মদিনায় ৩ জন বাংলাদেশী হজযাত্রী মারা গেছেন।
এছাড়া এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ১৬২টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৮৫টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৫১টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৬টি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট গত ৯ মে শুরু হয়। আগামী ১২ জুন পর্যন্ত সৌদি যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।










