ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে হত্যা মামলায় বাদল মিয়া নামে এক আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছর কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া কুমিল্লায় অটোরিকশাচালক হত্যা মামলায় একজনের ফাঁসি ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত এবং কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, বাদল মিয়া বাহরাইনে থাকাকালে ভগ্নিপতি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সাহেবনগর গ্রামের কামালের কাছ থেকে ১৩ লাখ টাকা ধার নেন। এর মধ্যে ৩ লাখ টাকা ফেরত দিলেও বাকি টাকা ফেরত না দেয়ায় তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। এ নিয়ে বাদলকে থাপ্পড় মারেন কামাল। এতে বাদল ক্ষুব্ধ হয়ে ২০২০ সালের ২৪ আগস্ট দুপুরে ভাগ্নে মেহেদী হাসান কামরুল (১০) ও ভাগ্নি শিফা আক্তারকে (১৪) গলা কেটে হত্যা করেন। 

অন্যদিকে কুমিল্লা নগরীর কালিয়াজুরীতে ২০১২ সালের ২৭ জানুয়ারি অটোরিকশাচালক জাবেদ মিয়া (২৫) খুন হন। এ ঘটনায় নিহতের বাবা মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে হত্যা মামলা করেন। রাষ্ট্রপক্ষে সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় পলাতক আসামি মো. মাঈনুদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।