জাতীয় সংসদের প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় সাধারণ মানুষের ওপর চাপ বাড়বে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় সংসদে বাজেট পেশ হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বাজেট প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব প্রস্তাবিত বাজেট বিদেশী ঋণ, অনুদান এবং ব্যাংক ঋণনির্ভর বলে সমালোচনা করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘তথাকথিত যে বাজেট দেয়া হয়েছে, এ বাজেটে আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। বাজেটে যেসব জায়গায় আয় দেখানো হচ্ছে, তাতে সাধারণ মানুষের ওপর সব বোঝা গিয়ে পড়ছে। এবং এ ব্যয় মেটানোর জন্য তারা যেটা করবে, সেটাও সাধারণ মানুষের ওপর গিয়ে পড়বে। অর্থাৎ পকেট কাটার জন্য, এটা আনছে বিদেশ থেকে অনুদান অথবা ঋণ। সেই সঙ্গে ব্যাংকগুলো থেকে ঋণ নেয়া সবটাই গিয়ে পড়ছে মানুষের ওপর।’
তিনি আরো বলেন, ‘বাজেটের সবচেয়ে খারাপ দিক হলো, এখানে কর্মসংস্থান তৈরির কোনো নির্দেশনা নেই। পুরো বাজেট মেগা প্রকল্প ও মেগা চুরি ও দুর্নীতির জন্য করা হয়েছে।
সুতরাং এটি শুধু তথাকথিত গণবিরোধী নয়, এটি বাংলাদেশবিরোধী বাজেট। মানুষ এ বোঝা আর টানতে পারছে না। একদিকে চরম মূল্যস্ফীতি। বিশেষ করে খাদ্যদ্রব্যের যে দাম বৃদ্ধি পেয়েছে সেটা তাদের জন্য সহনীয় না। কয়েক দিন আগেই পেট্রল-ডিজেল, বিদ্যুৎ এসব জিনিসের দাম বেড়েছে। বাজেটের পর আবারো এসবের দাম বাড়বে।










