জোগানদারের ওপর ভ্যাট ২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেলেও উৎপাদন পর্যায়ে মূল্যের ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন এনবিআরের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও আইটি) ড. মো. আব্দুর রউফ।

জোগানদারের ওপর ভ্যাট বৃদ্ধিতে উৎপাদন পর্যায়ে পণ্যমূল্য বাড়বে কিনা জানতে চাইলে ড. মো. আব্দুর রউফ বণিক বার্তাকে বলেন, ‘জোগানদার হলেন তিনি, যিনি ক্রয় করে কোনো পরিবর্তন না করে, উৎসে ভ্যাট কর্তনকারী সত্তার কাছে সরবরাহ করেন। এর জন্য উৎপাদন পর্যায়ে পণ্য মূল্য বাড়ার কোনো সম্ভাবনা নেই। উৎপাদনকারী ভ্যাট চালানপত্রসহ সরবরাহ দিলে উৎসে ভ্যাট কর্তন করতে হয় না। এটা হলো উৎসে ভ্যাট কর্তন করার একটা নিয়ম। তাই জোগানদারের ভ্যাট ২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেলে উৎপাদন পর্যায়ে মূল্যের ওপর কোনো প্রভাব পড়বে না। তাছাড়া জোগানদারের ভ্যাটের প্রভাব জনগণের ওপর পড়ে না। জোগানদারের ভ্যাটের প্রভাব পড়বে উৎসে কর্তনকারী সত্তার ওপর।‘

তিনি জানান, উৎসে কর্তনকারী সত্তা হলো- সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত সংস্থা, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, এনজিও, মাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এবং বার্ষিক ১০ কোটি টাকার অধিক টার্নওভারযুক্ত প্রতিষ্ঠান। এক্ষেত্রে সরাসরি জনগণের সম্পৃক্ততা কম। তাই জনগণের ওপর জোগানদারের ভ্যাটের প্রভাব পড়ার তেমন আশঙ্কা নেই।

গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।