বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, অফিস থেকে শুরু করে সবখানে পাটপণ্য ব্যবহার বাড়াতে আমরা উদ্যোগী হচ্ছি। দুর্যোগ-কৃষি-খাদ্য এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নানা কার্যক্রমে পাটব্যাগ ব্যবহার বাড়াতে সরকার কাজ করছে। তিনি বলেন, পাটপণ্যের এত বৈচিত্র্য সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, যা এ মেলাতে সামনাসামনি দেখলাম।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় উদ্যোগে আয়োজিত ‘পাট ও বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’ পরিদর্শন শেষে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।পাট মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, এ সরকারের পরিকল্পনা বিশেষ করে গ্রামীণ অর্থনীতির উদ্যোক্তাদের সহযোগিতা ও উৎসাহিত করা, যার মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনীতিতে সহায়ক ভূমিকা রাখবে। সোনালি আঁশের ঐতিহ্য দেশের গ্রামীণ মানুষগুলো ধরে রেখেছে। তা এগিয়ে নিতে কী ধরনের সমস্যা আছে— সেটা সমাধানের লক্ষ্যে আমরা পদক্ষেপ নেবো।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, জুট ডাইভারসিফেকেশন অ্যান্ড প্রমোশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব) জাহিদ হোসেন, সহকারী পরিচালক মোজাহিদুল ইসলাম, চারকল অ্যাসোসিয়েশনের প্রধান আতিকুর রহমানসহ সংশ্লিষ্টরা ছিলেন।