রোববার রাতে রওনা হয়ে সোমবার ওমান পৌঁছে বাংলাদেশ ক্রিকেট দল। মাস্কাটে একদিন কোয়ারেন্টিনে থাকার পর গতকাল অনুশীলন শুরু করেছে মাহমুদউল্লাহর দল। মাস্কাটের ওমান ক্রিকেট একাডেমি মাঠে স্থানীয় সময় বেলা দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টা থেকে রাত ৮টা) অনুশীলন করে টাইগাররা।

টি২০ বিশ্বকাপের প্রথম পর্বের লড়াই সামনে রেখে ওমান পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। এখানে টানা তিনদিন অনুশীলনের পর শুক্রবার ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

এবারের আইসিসি টি২০ বিশ্বকাপে প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে স্বাগতিক ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। ‘এ’ গ্রুপে লড়াই করবে শ্রীলংকা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। দুই গ্রুপ থেকে শীর্ষ চারটি দল আইসিসি র‍্যাংকিংয়ের সেরা আট দলের সঙ্গে যোগ দেবে সুপার টুয়েলভে।

১৭ অক্টোবর বাংলাদেশ প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্কটল্যান্ডের। একই দিন ওমান খেলবে পাপুয়া নিউগিনির সঙ্গে।