নানা ধর্মীয় আচারের মধ্যদিয়ে দিনাজপুরের কাহারোলে শুরু হয়েছে সাঁওতাল নৃগোষ্ঠীর পাঁচ দিনব্যাপী ‘সহরায় পরব’ উৎসব। আজ শনিবার সকালে কাহারোল উপজেলার গড়মল্লিকপুর আদিবাসী গ্রামের সাঁওতাল মাঞ্জিহীথান মন্দির ও ধর্ম উপাসনালয় প্রাঙ্গণে এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
‘সহরায় পরব’ হচ্ছে সাঁওতাল সম্প্রদায়ের ১২টি গোত্রের নতুন বছরকে বরণ করে নেয়ার উৎসব। এর অর্থ পৌষ পার্বণ। এটি মূলত ধর্মীয় উৎসব। পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানে নানাভাবে পূজা অর্চনার মাধ্যমে দেব-দেবীর কাছে সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
আজ সহরায়ে পরব উদ্ধোধন করেন কাহারোল আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি নারায়ণ মার্ডি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা সামিয়েল মার্ডি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শরিফ উদ্দীন আহম্মেদ।
গড়মল্লিকপুর আদিবাসী সাঁওতাল মাঞ্জিহীথান মন্দির ও ধর্ম উপাসনালয়ের মাঞ্জি হারাম রবি টুডুর সভাপতিত্বে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিসকু, মূর্মু, টুডু, হেমরম, সরেন, বেসড়া, হাঁসদা, মার্ডি, বাস্কে, চড়ে, পাউরিয়া এবং বেদেয়া গোত্রের সাঁওতাল সম্প্রদায়ের এই উৎসবে পরিবারসহ আত্বীয়-স্বজনেরা আনন্দঘন পাঁচটি দিন কাটাবেন। তাদের নানা আয়োজন স্থানীয় ও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা উপভোগ করেন।









