এক দিনের ব্যবধানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে সর্বোচ্চসংখ্যক রোগী ভর্তি হওয়ার নতুন রেকর্ড হয়েছে। সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৭৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত কারও মৃত্যুর ঘটনা ঘটেনি।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকালের প্রতিবেদনে ২৪ ঘণ্টায় ৭২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৭৪ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, খুলনা বিভাগে ১০১ জন, রাজশাহী বিভাগের ৬৩ জন, রংপুর বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগের ৮০ জন ও সিলেট বিভাগে পাঁচ জন রয়েছেন।
এতে আরো জানানো হয়, চলতি বছরের শুরু থেকে ১১ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৮২৭ জন। এদের মধ্যে ১৯ হাজার ১৮২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ১ হাজার ৫৮৪ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ৬১ জন।










