টানা তিনদিন চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ জেলার সর্বত্র শৈত্যপ্রবাহের সঙ্গে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। এ মৌসুমে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ও শুক্রবার ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের অফিসের ইনচার্জ রকিবুল হাসান জানান, এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কয়েকদিন আগে থেকেই চুয়াডাঙ্গায় ধীরে ধীরে তাপমাত্রা হ্রাস পেতে শুরু করেছে। শৈত্যপ্রবাহের কারণে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। এ আবহাওয়া কয়েক দিন অব্যাহত থাকবে বলে তিনি জানান।

খোঁজ নিয়ে জানা গিয়েছে, শৈত্যপ্রবাহের কারণে চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলায় হতদরিদ্র মানুষ শীতে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে। প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছে না। দিনমজুররা কাজ পাচ্ছেন না। কাজের সন্ধানে এসে তারা অপেক্ষার পালা শেষ করে বাড়ি ফিরে যাচ্ছেন।