রাঙ্গামাটিতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও ভবিষ্যতের বিদ্যুৎ চাহিদাপূরণে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে গতকাল বিকালে রাঙ্গামাটির স্থানীয় সরকার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের অংশীজনদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এদিন বিকালে রাঙ্গামাটি পৌরসভার হলরুমে ‘সৌরবিদ্যুৎ বিষয়ে জনসাধারণের জ্ঞান ও ধারণা’ জরিপের ফলাফলের ভিত্তিতে ‘রুফটপ সোলারের সম্ভাবনা ও স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ‘ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক একটি নীতিপত্র উপস্থাপন করেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। নীতিপত্রে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনা, অর্থনৈতিক ও পরিবেশগত সুবিধা, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং এ খাতের সম্প্রসারণে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ তুলে ধরা হয়।

এতে বলা হয়, দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত এখনো আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর অনেকাংশে নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য ওঠানামা ও বৈদেশিক মুদ্রার ওপর চাপ জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। এ পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি দেশের বিপুল ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বাড়িঘর, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানের ছাদ কাজে লাগানো গেলে স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ কমানো সম্ভব।