চলমান কোটা  সংস্কার আন্দোলনে উত্তরায় সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার ( ১৮ জুলাই) এই ঘটনা ঘটে। বিষয়টি দ্য ডেইলি স্টার ও সমকালকে নিশ্চিত করেছেন কুয়েত মৈত্রী হাসপাতালের সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান।

তিনি বলেন, আহত হয়ে ৫০ জনেরও বেশি হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে পুলিশ সদস্যও আছেন। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, উত্তরায় সংঘর্ষের পর প্রায় পাঁচ শ জন আহত হয়ে সেখানে চিকিৎসা নিয়েছেন।

এর আগে আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১টা  থেকে উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও র‍্যাবের সংঘর্ষ হয়। এতে ঢাকা–ময়মনসিংহ সড়কের উত্তরা অংশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। হাউজ বিল্ডিং থেকে রাজলক্ষ্মী মোড় পর্যন্ত সড়কে আন্দোলনকারীরা অবস্থান করছেন। তাদের ওপর সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করছে পুলিশ ।