নরসিংদীর রায়পুরায় গণসংযোগে যাওয়ার পথে হামলার ঘটনায় সুমন মিয়া নামে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টায় উপজেলার চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দি মসজিদের পাশে এ ঘটনা ঘটে। নিহতের সমর্থকদের দাবি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেলের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।
নিহতের কর্মী সমর্থকরা জানান, ২৯ মে রায়পুরা উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সুমন মিয়া চরাঞ্চল পাড়াতলীতে গণসংযোগে যাচ্ছিলেন। এ সময় তার গাড়িতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেলের নেতৃত্বে হামলা চালানো হয়। হামলাকারীদের আঘাতে সুমন মিয়া আহত হন। একপর্যায়ে দৌড়ে বাঁশগাড়ি পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন তিনি। সেখান থেকে পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।










