মালয়েশিয়া শ্রমবাজারে শ্রমিক পাঠানোর কথা বলে প্রতারণার অভিযোগসহ বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) হট্টগোলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন সংগঠনটির একাংশের নেতারা। সোমবার (১০ জুন) সকালে সংগঠনের এজিএমে এ ঘটনা ঘটে।
পরে সংগঠনটির একাংশের নেতারা সংবাদ সম্মেলনে জানান, আজ সকালে বায়রার ৩৩তম এজিএম শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়। কিন্তু বায়রার সভাপতি-মহাসচিবের একপেশে দৃষ্টিভঙ্গি এবং তাদের উপস্থিতিতে তাদেরই অনুসারী একদল সদস্য নামধারী সন্ত্রাসীর পরপর কয়েক দফা ন্যক্কারজনক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে বর্তমান সিনিয়র সহসভাপতি রিয়াজুল ইসলামের নেতৃত্বে ১০ জন ইসি কমিটির সদস্যসহ সাধারণ সদস্যরা চরম হট্টগোলের মধ্যে ওয়াকআউট করতে বাধ্য হন।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সিন্ডিকেটের প্রতিবাদ, ৫০ হাজার কর্মী না যেতে পারায় ক্ষতিপূরণ দাবি, সিন্ডিকেটের দুর্নীতির কারণে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধসহ প্রভৃতি বিষয়ে প্রতিবাদ করায় বায়রার সিনিয়র সহ-সভাপতিসহ সাধারণ সদস্যদের নাজেহাল করা হয়েছে।
সভাপতির অনুসারীদের তাণ্ডব ও চরম হট্টগোলের মধ্যে সিনিয়র সহসভাপতি জনাব রিয়াজুল ইসলাম ১০ জন ইসি সদস্যসহ সাধারণ সদস্যরা ওয়াকআউট করেন।
জনশক্তি রফতানি সেক্টর থেকে সিন্ডিকেট প্রথা বিলুপ্ত করে করে লাইসেন্স মালিকদের জন্য সমান সুযোগ সৃষ্টির দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে সিন্ডিকেটসহ বায়রাকেন্দ্রিক সকল অনিয়মে জড়িতদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেয়ার দাবিও জানানো হয়।










