এশিয়া কাপে আরেকটি সুপার সানডে, আরেকটি ক্ল্যাসিক। ২৮ আগস্ট রোববার টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিন মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। প্রথম দেখায় পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দেয় ভারত। এক সপ্তাহের ব্যবধানে গতকাল আরেকটি পাকিস্তান-ভারত ক্ল্যাসিক দেখল ক্রিকেটপ্রেমীরা। অবশ্য এবার জয়ী দলের নাম পাকিস্তান। গতকাল দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ৫ উইকেটে জিতেছে বাবর আজমের দল। এক সপ্তাহের মধ্যেই হারের প্রতিশোধ নিল পাকিস্তান।
১৮২ রানের টার্গেটটা পাকিস্তানের জন্য সহজ করে দিলেন মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ নওয়াজ। রিজওয়ান ৫১ বলে ৭১ আর নওয়াজ ২০ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে পাকিস্তানের জয়ের নায়ক। এ দুজনের কল্যাণে রান তাড়ার প্রায় পুরোটা সময়ই কর্তৃত্ব বজায় রাখে পাকিস্তান।
ক্ষণে ক্ষণে রঙ বদলানো এ ম্যাচে শেষ ওভারে ৬ বলে মাত্র ৭ রান প্রয়োজন পড়লেও নাটকীয়তার যেন শেষই হচ্ছিল না। শেষ দুই বল থেকে প্রয়োজন পড়ে দুই রান। অর্শদ্বীপের ফুল-টসের বলটি লং অন অঞ্চলে পাঠিয়ে দুই রান নিয়ে পঞ্চম বলেই পাকিস্তানের জয় নিশ্চিত করেন ইফতিখার আহমেদ।
এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। সাবেক অধিনায়ক বিরাট কোহলির দৃঢ়তায় ১৮১ রানের সংগ্রহ পায় তারা। ৪৪ বলে ৬০ রান করেন তিনি। যদিও ভারতের ভালো সংগ্রহের ভিতটা গড়ে দিয়ে যান দুই ওপেনার লোকেশ রাহুল (২৮) আর রোহিত শর্মা (২৮)।
চলতি এশিয়া কাপে এটি ভারত ও পাকিস্তানের দ্বিতীয় লড়াই। আগামী রোববার দুবাই ফাইনালেও এ দুই দলের মুখোমুখি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। যদি দুই দলই ফাইনালে ওঠে, তবে তা হবে চলতি আসরে তাদের তৃতীয় মোকাবেলা। আপাতত দ্বৈরথটা ১-১-এ সমতায় থাকল।
জয় শেষে পাকিস্তান ওপেনার রিজওয়ান বলেন, আমরা আমাদের শক্তি সম্পর্কে জানি। শেষ দিকে আমাদের কিছু পাওয়ার হিটার রয়েছে, যারা শেষ চার ওভার থেকে ৪৫-৪৮ রান তুলে দিতে পারে।
রোহিত শর্মা পাকিস্তানকে কৃতিত্ব দিয়ে বললেন, কৃতিত্ব দেব পাকিস্তানকে, তারা অবশ্যই আমাদের চেয়ে ভালো খেলেছে। বিরাটের ফর্ম এ মুহূর্তে দুর্দান্ত, কোনো সন্দেহ নেই।
এশিয়া কাপে আজ বিরতি। আগামীকাল ফের মাঠে নামবে ভারত। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলংকা। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানো শ্রীলংকাকে কাল হারাতে না পারলে বিদায় নেবে ভারত। বুধবার পাকিস্তান দ্বিতীয় ম্যাচে মোকাবেলা করবে আফগানিস্তানের, যারা প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে হেরেছে।
ভারত: ২০ ওভারে ১৮১/৭ (কোহলি ৬০, রোহিত ২৮, লোকেশ ২৮; শাদাব ২/২৫, নওয়াজ ১/২৫)। পাকিস্তান: ১৯.৫ ওভারে ১৮২/৫ (রিজওয়ান ৭১, নওয়াজ ৪২; রবি বিষ্ণয় ১/২৬, অর্শদ্বীপ ১/২৭)। ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা: মোহাম্মদ নওয়াজ।










