প্রাথমিকভাবে ৮, ৯ ও ১৬ জানুয়ারি যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের ‘বি’, ‘সি’ ও ‘এ’ ইউনিটের পরীক্ষার জন্য দিন নির্ধারণ করা হয়েছে। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ১-এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এসব বিষয়ে সুপারিশ করা হয়। উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় উপ-উপাচার্যদ্বয়, ছাত্র-উপদেষ্টা, প্রক্টর, জনসংযোগ প্রশাসক, সংশ্লিষ্ট অনুষদের দায়িত্বরত শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এসএম কামরুজ্জামান বণিক বার্তাকে বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু হবে। ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) ও ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে ভর্তি উপকমিটি প্রস্তাব করেছে। এটা সম্ভাব্য তারিখ।’










