ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে নাজমা বেগম নামের এক রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের মারধর করেছে রোগীর স্বজনরা। পরে হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডের চিকিৎসা সেবা বন্ধ করে দেয় ইন্টার্ন চিকিৎসকরা।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে মেডিসিন বিভাগে এ ঘটনা ঘটে। এরপর হাসপাতালে র‍্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতালে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

ইন্টার্ন চিকিৎসক মোহাম্মদ শিহাব জানান, এক রোগীর মৃত্যুর ঘটনায় তার স্বজনরা ডা. তৌহিদ, ডা. রাহাত, ডা. বাপ্পি ও ডা. নাঈমকে কিল ঘুসি মারে। পরে তাদের হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে হাসপাতালে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব আসে।

তিনি আরো জানান, হাসপাতালের গেটে তালা ঝুলিয়ে চিকিৎসা সেবা বন্ধ করে দেয়া হয়। হাসপাতালের পরিচালক না আসা পর্যন্ত এই গেট খোলা হবে না বলেও জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এদের মধ্যে দুইজনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাসপাতালে র‍্যাব ও পুলিশ মোতায়েন করা রয়েছে। ইন্টার্ন চিকিৎসকরা গেট বন্ধ করে রেখেছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে এই বিষয়ে জানার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।