ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে সজিব দাস পার্থ (২১) ও মানিক মিয়া (২২) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) রাতে হাসপাতালের নতুন ভবনের নিচতলা থেকে দায়িত্বরত আনসার সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
জানা গেছে, সজিব দাস পার্থ মৌলভীবাজারের রাজানগর উপজেলার রানেশ চন্দ্র দাসের ছেলে। আর তার সহযোগী মানিক মিয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঈসাখালী গ্রামের আবুল বাশারের ছেলে।
হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য কামরুজ্জামান জানান, বুধবার রাতে সজিব চিকিৎসকের অ্যাপ্রোন পরে নিচ তলায় অবস্থান করছিলেন। তার সঙ্গে মানিকও ছিলেন। এ সময় সজিব হুইলচেয়ারে বসা কুলসুম বেগম (৫৪) নামের এক রোগীকে দাঁড় করিয়ে হাঁটানোর চেষ্টা করেন। হঠাৎ পড়ে গেলে রোগীকে ফেলে রেখেই দ্রুত পালানোর চেষ্টা করেন তারা।
এই সময় ঘটনাস্থলে থাকা আনসার সদস্যদের নজরে বিষয়টি আসে। এ সময় সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের চিকিৎসক বলে পরিচয় দেন। তবে কোনো পরিচয়পত্র বা ভিজিটিং কার্ড দেখাতে না পারায় তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয় ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আটকরা বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের জিজ্ঞাসাবাদের পর শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।











