দেশের ছয় স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল ও আগের দিন রাতে বগুড়া, রাজধানীর যাত্রাবাড়ী, শেরপুর, নেত্রকোনা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

বগুড়া: জেলায় দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক নারী নিহত হয়েছেন। গতকাল সকালে শহরের মাটিডালী বিমান মোড় ও টিএমএসএস মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহেনা বেগম (৫০) সদর উপজেলার গোপালবাড়ী এলাকার মৃত সিদ্দিক সরদারের স্ত্রী। তিনি মাটিডালী মোড়ের মাহাথির হোটেলের কর্মচারী ছিলেন। নিহত অন্যজন এক বছরের শিশু জোবাইদা। সে মোকামতলা বন্দরের দিদারুল ইসলাম জিহাদের মেয়ে।

নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি হাফিজুর রহমান জানান, সকাল সোয়া ৮টার দিকে শহরের মাটিডালী এলাকায় সড়ক পার হচ্ছিলেন রেহেনা। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে টিএমএসএস হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই দিন সকালে ঢাকা থেকে প্রাইভেট কারে বাড়ি ফিরছিল মোকামতলা বন্দরের দিদারুল ইসলাম জিহাদের পরিবার। পথে টিএমএসএস মেডিকেল কলেজের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে জিহাদের এক বছরের মেয়ে জোবাইদা ঘটনাস্থলেই মারা যায়। গাড়িতে থাকা পরিবারের অন্য সদস্যরাও আহত হন।

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে মো. রুবেল (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বিকালে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রুবেল শরীয়তপুরের পালং উপজেলার নাসির সরদারের ছেলে। তিনি মীর হাজিরবাগ এলাকায় ভাড়া থাকতেন। পেশায় গাড়ির ইঞ্জিন মিস্ত্রি ছিলেন।

শেরপুর: জেলার ঝিনাইগাতীতে মিনিবাসের ধাক্কায় আশরাফ আলী (৮০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জোলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নেত্রকোনা: কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বায়েজিদ নামে এক শিক্ষার্থী। গতকাল দুপুরে নেত্রকোনা সদর উপজেলার সাকুয়ায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হারেজ মিয়া (৬০) নামে একজনকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ: রূপগঞ্জে ট্রাক উল্টে চালক আব্দুল মান্নান মিয়া (৬০) নিহত হয়েছেন। গতকাল ভোর ৬টার দিকে ভুলতা ফ্লাইওভারের ঢালে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান মিয়ার বাড়ি নরসিংদীর শিবপুর থানার কুমারদি গ্রামে।

চট্টগ্রাম: হাটহাজারী পৌরসভার মিরেরহাট বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান হাবিব (২৪) পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শায়েস্তা খাঁ পাড়ার আবদুল মোনাফ কালু সওদাগরের ছেলে।