ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, লন্ডনে ও দিল্লিতে বসে আর কোনো রাজনীতি হবে না। রাজনীতি করতে হলে এ দেশে এসে করতে হবে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়াম ও পাবলিক ক্লাব মাঠে জামায়াতে ইসলামীর ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, বিগত বছরগুলোয় রাজনৈতিক দলগুলো যেটা পারেনি, সেটি তরুণেরা করে দেখিয়েছে। জুলাই বিপ্লব সুন্দর বাংলাদেশ গড়ার একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আমাদের এ সুযোগ কাজে লাগাতে হবে। এ সুযোগকে বৃথা যেতে দেব না।
তিনি বলেন, বিগত ৫৪ বছরে ঠাকুরগাঁওয়ের জনমানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। নেতৃত্বের অযোগ্যতা ও দুর্নীতির কারণে উত্তরবঙ্গের মাটি ও মানুষের কোনো উন্নতি হয়নি।
তিনি বলেন, ফ্যাসিস্টরা দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ও কৃষি খাতকে ধ্বংস করে দিয়েছে। তাই যাদের কথা এবং কাজে মিল আছে, যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য, সেই ধরনের ইনসাফের প্রতিনিধিদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাস্টার। এ ছাড়া ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ সিবগাতুল্লাহ সিবগা, ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, সাবেক জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী দেলাওয়ার হোসেন বক্তব্য দেন।










