পিরোজপুরে এক চীনা নাগরিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সন্ধ্যার সাড়ে ৬টার দিকে জেলার সদর উপজেলার কুমিরমারা গ্রামে নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। লাওফাং (৫৮) নামের ওই চীনা নাগরিক সেতু প্রকল্পটির কনট্রাক্টর চায়না রেলওয়ে ১৭ ব্যুরো গ্রুপের সাব কন্ট্রাকটর ও টেকনিশিয়ান ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমীর হোসেন জানান, চীনা নাগরিক লাওফাং পিরোজপুরের কঁচা নদীর উপর নির্মানাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কুমির মারা এলাকায় থাকতেন। সেখান থেকে (কুমির মারা এলাকা) ৮শ গজের মত দূরেই আমার বাড়ির কাছে সেতুর পিয়ারের কাজ চলছে। সেই কাজে নিয়োজিত শ্রমিকদের বেতন দিতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে সাইকেলে করে একাই রওনা দিয়েছিলেন লাওফাং। এ সময় তাকে ছিনতাইকারীরা ছুকিাঘাত করে তার সাথে থাকা টাকা নিয়ে যায়। সেখান থেকে স্থানীয়রা লাওফাংকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
প্রায়েই একইরকম তথ্য জানান পিরোজপুর সড়ক নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন। তিনি বলেন, লাওফাং নির্মানাধীন সেতু এলাকায় থাকা তার আবাসস্থল থেকে লেবার শেডে লেবারদের বেতনের টাকা নিয়ে যাওয়ার সময় খুন হন।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নিজাম উদ্দিন জানান, বুকের ডান পাশে ছুরির আঘাতে গভীর ক্ষত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে লাওফাংয়ের মৃত্যু হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে ছুরি, কিছু টাকা ও সাইকেল উদ্ধার করা হয়েছে। হত্যাকারীকে আটকের জন্য চেষ্টা চলছে।
এ দিকে চীনা নাগরিক হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন বরিশাল র্যাব-৮ এর সিও আতিকা ইসলাম ও বরিশাল রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডি আই জি এহসান উল্লাহ।










