মেধা-মননশীলতা দিয়ে সারা বিশ্বে দেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজপি) মো. আলী হোসেন ফকির। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কমপ্লেক্স সেমিনার হলে সমিতি আয়োজিত আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আইজিপি বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি তোমাদেরকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। আইন জানা এবং আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে হবে। সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে। ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে। সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

আইজিপি বলেন, পুলিশের কোনো সদস্য অপরাধ করলে ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়াবে। প্রত্যেক জেলার সদর থানাকে 'জিরো কমপ্লেইন' থানা ঘোষণা করা হয়েছে।

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আইজিপি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের পাশাপাশি তাদের জন্য আয় বৃদ্ধিমূলক উদ্যোগ নেয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে আইজিপির অনুরোধে 'কেমন পুলিশ চাই' বিষয়ে শহীদ পুলিশ স্মৃতি কলেজের সৌমিক সরকার দুর্জয়, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের মাহিন আল হোসেন ও এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের মাহজাবিন জেরিন পুষ্পিতা এ তিন শিক্ষার্থী মতামত ব্যক্ত করেন। তারা বলেন, আমরা পুলিশকে বন্ধুসুলভ, জনবান্ধব পুলিশ হিসেবে দেখতে চাই। জনগণের সঙ্গে পুলিশের আচরণের ক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি মানবিক দিক বিবেচনার বিষয়ও তাদের বক্তব্যে ওঠে এসেছে।

সভাপতির বক্তব্যে ড. এম আকবর আলী বলেন, পুলিশ সদস্যদেরকে জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে।