সারা দেশে 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি বাস্তবায়নে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক
অবরোধ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও কুমিল্লার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের
শিক্ষার্থীরা। এ সময় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছোড়ে পুলিশ ও বিজিবি।
বৃহস্পতিবার (১৮ জুলাই) শিক্ষার্থীরা বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের
প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু করে মহাসড়কে পৌঁছালে পুলিশ ও বিজিবি ছত্রভঙ্গ করতে
আক্রমণ করে।
জানা যায়, মহাসড়কে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান নিলেও হঠাৎ
শিক্ষার্থীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছুড়তে থাকে পুলিশ। এরপর শিক্ষার্থীরা
পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর নিক্ষেপ করে।
এতে একজন পুলিশ সদস্যসহ অনেক শিক্ষার্থী আহত হন। তবে মোট কতজন শিক্ষার্থী
ও পুলিশ সদস্য আহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এছাড়া কুমিল্লা শহর থেকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটবাড়ি অভিমুখে রওনা করলে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা পথে বাধা দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও কুমিল্লা জিলা স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী যোগ দিয়েছে।










