ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি জানিয়েছেন, ঢাকা ও দিল্লির মধ্যে দ্বিপক্ষীয় সম্পৃক্ততার সব চ্যানেল পুনরায় চালুর প্রক্রিয়া শুরু করেছে নয়াদিল্লি, এরই মধ্যে মন্ত্রী পর্যায়েও যোগাযোগ হচ্ছে। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত বাংলাদেশী সাংবাদিক প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিক্রম মিসরি বলেন, ‘পানি বণ্টন, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা, সংযোগ ও কনস্যুলার বিষয়সহ ৪০টিরও বেশি প্রাতিষ্ঠানিক কাঠামো রয়েছে দুই দেশের মধ্যে। এর অনেকগুলোই রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়ে নিষ্ক্রিয় হয়ে পড়ে। বিএনপি নেতৃত্বাধীন নির্বাচিত সরকার গঠনের পর ভারত এখন পুনরায় বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে।’
ভিসা সেবার বিষয়ে তিনি জানান, বাংলাদেশী নাগরিকদের জন্য পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে কাজ করছে ভারত। এ বিষয়ে শিগগিরই আরো অগ্রগতি জানা যাবে।










