৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রিটের শুনানি নিয়ে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। ফলে স্বাভাবিকভাবে আগামীকাল শুক্রবার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

এর আগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে এনামুল হকসহ চার প্রার্থী গতকাল বুধবার রিট করেন। রিটটি শুনানির জন্য আদালতের আজকের কার্যতালিকায় ৭৭ নম্বর ক্রমিকে ওঠে। আদালতে রিট আবেদনকারীদের আইনজীবী নাজমুস সাকিব শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

এর আগে গণভোটের প্রচার চালানোর জন্য নির্বাচনকালে সব পরীক্ষা স্থগিত করার দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান বরাবর ২০ জানুয়ারি স্মারকলিপি দিয়েছিলেন এনামুল হকসহ একদল চাকরিপ্রার্থী। এতে ফল না পেয়ে চার প্রার্থী গতকাল রিটটি করেন।