বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। আজ বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই দলে যোগ দেন।
বিএনপি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্টে এ তথ্য জানানো হয়।
অধ্যাপক আবু সাইয়িদ বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। তিনি পাবনা-১ আসনে ১৯৭৩ সালে প্রথম সংসদ এবং ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন। তিনি ১৯৯৬ সালে শেখ হাসিনার সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন। দীর্ঘদিন আওয়ামী লীগ করলেও ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়েছিলেন আবু সাইয়িদ। সেবার তিনি গণফোরামের প্রার্থী ছিলেন। এবার সরাসরি বিএনপিতে যোগ দিলেন।
একই আসনে ১৯৯১ সালে পঞ্চম সংসদ নির্বাচনে বাকশালের প্রার্থী হয়ে হেরেছিলেন তিনি। ১৯৯৬ সালে জেতার পর ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তিনি, তবে মতিউর রহমান নিজামীর কাছে হেরে যান। এক–এগারোর পর আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হয়ে যান আবু সাইয়িদ। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জিততে পারেননি। এরপর ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে গণফোরাম থেকে প্রার্থী হয়েও বিফল হন তিনি।










