বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি বলেন, প্রত‌্যেক নাগরিক রাষ্ট্রের মালিক, রাষ্ট্রে প্রত‌্যেকের সমান অধিকার রয়েছে। ধর্মগ্রন্থে মানুষের সমান অধিকারের কথা বলা হয়েছে । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তৈরি আমাদের সংবিধানেও সবার সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। সবার ভালো থাকা নিশ্চিত করতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে।

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) পাবনার সাঁথিয়ায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ‌্যে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন।

ইন্তাজ আলী মল্লিকের সভাপতিত্বে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিনসহ গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে ডেপুটি স্পিকার আতাইকুলা কলেজ মাঠে ২০২৩-২৪ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদ উল ফিতর-২০২৪ উপলক্ষে সারা দেশে গৃহীত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) এর ১০ কেজি হারে বিনামূল‌্যে চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।